ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৭ কোটি ডলার

ads

চলতি মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৮৭ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নভেম্বরের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ১০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭২ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।


এছাড়া গত ২৩ নভেম্বর একদিনে প্রবাসীরা দেশে ১৩ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ২৪২ কোটি ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৬ দশমিক ৫০ শতাংশ।


এর আগে গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।


এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

ads
ads
ads

Our Facebook Page